ভয়েস অফ জার্নাল ডেস্ক | ঢাকা:
দেশের উদ্যোক্তাদের অন্যতম সংগঠন অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব)-এর ২০২৭–২০২৮ মেয়াদের নির্বাহী কমিটি গঠনের চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর ২০২৬। নতুন নেতৃত্ব নির্বাচনের এই প্রক্রিয়ায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অংশ নিচ্ছেন সদস্যরা। তাঁদের মধ্যে পরিচালক (প্রশিক্ষণ) পদে দায়িত্বপ্রত্যাশী ইনফোনেক্স গ্রুপের চেয়ারম্যান ড. সাদ।
ই-ক্লাবের ঘোষণা অনুযায়ী, গত অক্টোবর থেকে নতুন নির্বাহী কমিটির জন্য আবেদন গ্রহণ শুরু হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সরাসরি নির্বাচনের জন্য প্রয়োজনীয় এক হাজার নিবন্ধিত সদস্য পূর্ণ না হওয়ায় এবার সিলেকশন কমিটির মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করা হবে। আবেদনকারীদের পেশাগত অভিজ্ঞতা, সাংগঠনিক অবদান, নেতৃত্বের সক্ষমতা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাক্ষাৎকারের ভিত্তিতে কমিটি গঠন করা হবে।
২০১৭ সালে প্রতিষ্ঠিত ই-ক্লাব দেশের উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে। সংগঠনটি উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং নতুন সম্ভাবনা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
পরিচালক (প্রশিক্ষণ) পদপ্রত্যাশী ড. সাদ একজন উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রকৌশলী ও ব্যবসায়িক পরামর্শক। বর্তমানে তিনি ইনফোনেক্স গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসা পরিচালনা, প্রযুক্তি, বিনিয়োগ ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন পেশাগত কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
নতুন নির্বাহী কমিটিতে নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং বাস্তবমুখী কর্মশালা আয়োজনের উদ্যোগ নিতে চান ড. সাদ। পাশাপাশি তরুণ ও নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল রূপান্তর, অভিজ্ঞ উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
আগামী ৩ নভেম্বরের নেতৃত্ব বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে ই-ক্লাবের ২০২৭–২০২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি নির্ধারিত হওয়ার কথা রয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হওয়ার পাশাপাশি দেশের উদ্যোক্তাদের জন্য দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা রয়েছে।






