নিজস্ব প্রতিবেদক:
দেশের উদ্যোক্তাদের সংগঠন এন্ট্রাপ্রেনিউরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব)-এর ২০২৭–২০২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর ২০২৬) আনুষ্ঠানিকভাবে ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন আব্দুল্লাহ সাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাবেয়া খাতুন লাকি।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন খসরু আহমেদ রনি। এ ছাড়া বিভিন্ন বিভাগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুর রহমান ভূঁইয়া (পার্টনারশিপ), মো. হাসান একরাম আহমেদ (ব্র্যান্ড অ্যান্ড রিওয়ার্ডস), সুমাইয়া হক (পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া) এবং নুসরাত রুবাইয়া (স্পনসরশিপ)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শাবনাজ দিঠি (মিষ্টি)। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাবরিনা পারভীন খান, বহিঃসম্পর্কবিষয়ক সম্পাদক সায়েকা হক এবং দপ্তর সম্পাদক হয়েছেন শেখ রাশেদুল বারী ইকবাল।
নির্বাহী কমিটিতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ইনফোনেক্স সফটওয়্যার ইন্টারন্যাশনাল লিমিটেড এর এমডি ড. সাদ এফ. আহমেদ। নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন বিভাগের পরিচালক হয়েছেন ইয়াসমিন আক্তার আরবী।
এ ছাড়া ই-ক্লাবের ‘ভিন্নতা’ প্রকল্পের পরিচালক হয়েছেন হাসনাত জাহান এবং ‘প্রসার’ প্রকল্পের পরিচালক হয়েছেন হনুফা আক্তার। আইনবিষয়ক কার্যক্রম ও বিরোধ নিষ্পত্তির দায়িত্ব পেয়েছেন ফারজানা আক্তার। গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক হয়েছেন কাজী বোরহান উদ্দিন এবং সদস্যসেবা বিভাগের দায়িত্ব পেয়েছেন শরমিন জাহান। পরিচালক হিসেবে কমিটিতে রয়েছেন হাবিবুল্লাহ খানও।
আগামী দুই বছর উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে কাজ করবে নতুন কমিটি। সংগঠনের বিদ্যমান কার্যক্রমকে আরও কার্যকর করার পাশাপাশি উদ্যোক্তাদের বাস্তব প্রয়োজনের ভিত্তিতে নতুন উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
বিশেষ করে আধুনিক প্রযুক্তি ও ব্যবসায়িক দক্ষতাবিষয়ক প্রশিক্ষণ, উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়গুলো নতুন নেতৃত্বের কার্যক্রমে গুরুত্ব পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় ই-ক্লাব। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি নতুন ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসতে কাজ করছে।
ব্যবসায়িক নেটওয়ার্কিং, প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম রয়েছে। প্রান্তিক উদ্যোক্তাদের সহায়তায় পরিচালিত হচ্ছে ‘ভিন্নতা’ ও ‘প্রসার’ নামে দুটি বিশেষ উদ্যোগ।
নতুন নির্বাহী কমিটির নেতৃত্বে আগামী দুই বছরে এসব কার্যক্রম আরও বিস্তৃত করা এবং উদ্যোক্তাদের জন্য কার্যকর সুযোগ তৈরি করাই হবে সংগঠনটির অন্যতম লক্ষ্য।






